শোবিজ ছেড়ে ইসলামের পথে বলিউড অভিনেত্রী সানা খান
সময় নিউজ রিপোর্ট
দু’বছর আগেও তিনি ছিলেন বলিউডের আলোচিত অভিনেত্রী। খোলামেলা দৃশ্যে অভিনয় করে দর্শকদের মাতিয়েছেন। কিন্তু হঠাৎ ছেড়ে দেন বিনোদনের ঝলমলে জগৎ। এক মুফতিকে বিয়ে করে সংসারী হয়ে যান। কেবল সংসারী নয়, বলিউডকে বিদায় জানিয়ে একেবারে ইসলামের পথ বেছে নেন। এখন নিয়মিতই হিজাব পরতে দেখা যায় তাকে।
কেন নাম-যশ-অর্থ আর চাকচিক্যময় শোবিজ ছেড়ে হিজাব পরার সিদ্ধান্ত নিয়েছিলেন সানা খান? কেন ১৫ বছরের সুদীর্ঘ অভিনয় জগত থেকে চিরবিদায় নিয়েছেন? সে বিষয়ে মুখ খুলেছেন সাবেক এ অভিনেত্রী। টাইমস অব ইন্ডিয়ার খবর, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নতুন সাক্ষাৎকারের একটি ভিডিও শেয়ার করেছেন সানা খান। সেখানে এ বিষয়ে কথা বলেন তিনি।
ভিডিওতে সানা বলেছেন, নাম-যশ-অর্থ সব ছিল তাঁর। যা চেয়েছেন, সব কিছু করতে পেরেছেন। এত কিছু থাকার পরেও সব কিছুতে একটি জিনিসের অনুপস্থিতি বোধ করছিলেন। সেটা হলো শান্তি। কোনও কিছুতেই যেন সানার হৃদয়ে শান্তি মিলছিল না।
‘মুত্তাবিফি হুজ্জাজ’ দক্ষিণ এশিয়ার সঙ্গে সাক্ষাৎকারে সানা বলেন, ‘আমি স্বপ্নে নিজেকে জ্বলন্ত কবরে জ্বলতে দেখতাম। এই স্বপ্ন আমার কাছে মনে হয়েছিল কোনও বিশেষ বার্তা।’ এরপর তিনি শোবিজ ছেড়ে দেন। ইসলামের পথে পা বাড়ান। সময়টা ২০১৯ সালের রমজান।
ক্যারিয়ারে হিন্দি, মালয়ালাম, তামিল, কন্নড় ও তেলেগু ভাষার সিনেমায় দেখা গেছে সানা খানকে। এ ছাড়া বিজ্ঞাপন ও রিয়েলিটি শোতে দেখা যায় তাঁকে। পাঁচ ভাষার সিনেমায় অভিনয় করেছেন সানা। ২০১২ সালে জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের প্রতিযোগী ছিলেন সানা এবং চূড়ান্ত পর্বে উঠেছিলেন।
২০০৫ সালে ‘ইয়ে হ্যায় হাই সোসাইটি’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় সানা খানের। এর পর বলিউডে ‘হাল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজা তুম হো’ ও ‘টয়লেট : এক প্রেম কথা’র মতো সিনেমা করেন। রিয়েলিটি শো বিগ বসের পাশাপাশি ‘ফেয়ার ফ্যাক্টর : খাতরোঁ কে খিলাড়ি’র ষষ্ঠ মৌসুমে অংশ নিয়েছিলেন।
সিনেমার পাশাপাশি হিন্দি টিভি সিরিয়াল ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন সানা। ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে লম্বা একটি বিবৃতিতে ৩৩ বছর বয়সি এই অভিনেত্রী জানান, ইন্ডাস্ট্রি থেকে তিনি অনেক খ্যাতি, সম্মান ও অর্থ উপার্জন করেছেন। কিন্তু এটিই তার জীবনের লক্ষ্য নয়। তিনি এখন সৃষ্টিকর্তার নির্দেশ মেনে চলবেন ও মানুষের সেবা করবেন।
সানা খান লিখেছেন, ‘জীবনের একটি গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলছি। গত চার বছর ধরে আমি শোবিজ জগতে কাজ করছি এবং এই সময়ে অনেক খ্যাতি অর্জন করতে পেরেছি। অর্থ উপার্জন করেছি এবং ভক্তদের কাছে সম্মান পেয়েছি, এজন্য তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু গত কয়েকদিন ধরে আমার মনে হচ্ছে: অর্থ ও খ্যাতি পেতেই কি মানুষ পৃথিবীতে এসেছে? অসহায়দের পাশে দাঁড়ানো কি তার দায়িত্ব নয়? যে কোনো সময় মৃত্যু হতে পারে এই কথা চিন্তা করা কি উচিত নয়? আর যদি মৃত্যু হয় তাহলে কি হবে? আমি দীর্ঘদিন ধরে এই দুই প্রশ্নের উত্তর খুঁজছি। বিশেষ করে দ্বিতীয়টির, মৃত্যুর পর কী হবে? যখন আমার ধর্মে এর উত্তর খুঁজেছি, বুঝতে পারলাম, পৃথিবীর এই জীবন প্রকৃতপক্ষে মৃত্যুর পরের জীবনের কল্যাণের জন্য। আর এটি তখনই কল্যাণময় হবে যখন সৃষ্টিকর্তার নির্দেশ মতো জীবনযাপন করব এবং অর্থ ও খ্যাতিকে মূল লক্ষ্যে পরিণত না করব।’
তিনি আরো লেখেন, ‘আমি ঘোষণা দিচ্ছি, আজ থেকে শোবিজের জীবনযাপনকে বিদায় জানাচ্ছি এবং মানুষের সেবা করব ও সৃষ্টিকর্তার নির্দেশ মেনে চলব। আমার সকল ভাই-বোনদের অনুরোধ করব আমার জন্য প্রার্থনা করবেন, আল্লাহ যেন আমাকে মাফ করেন এবং আমার সংকল্প অনুযায়ী সৃষ্টিকর্তার নির্দেশ মেনে চলতে পারি। পাশাপাশি সকল ভাই-বোনকে অনুরোধ করব, শোবিজ নিয়ে আমার সঙ্গে আর আলোচনা করবেন না।’
সূত্র : হিন্দুস্তান টাইমস
Comments
Post a Comment