নতুন নিয়মে শিশুর জন্মনিবন্ধন করতে মা-বাবার জন্মনিবন্ধন দরকার নেই
সময় নিউজ বাংলা
পাসপোর্ট, বিবাহ নিবন্ধন, মৃত্যুসনদ, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, শিক্ষাপ্রতিষ্ঠানে ইউনিক আইডি তৈরি, জমি রেজিস্ট্রেশনসহ নানা গুরুত্বপূর্ণ কাজে জন্মসনদ প্রয়োজন। জন্মনিবন্ধন সনদ পেতে জুড়ে দেওয়া হতো বেশ কয়েকটি শর্ত। এসব শর্ত পূরণ করতে গিয়ে অনেকেরই হাঁসফাঁস অবস্থা হতো, যেন জন্মনিবন্ধনের আরেক নাম ভোগান্তি।
খুশির খবর হলো, ভোগান্তি কাটছে জন্মনিবন্ধনের। সন্তানের জন্মনিবন্ধন সনদের জন্য বাবা-মায়ের জন্মনিবন্ধন করা ছিলো বাধ্যতামূলক। থাকছেনা এখন সেই পদ্ধতি। এখন থেকে শিশুর জন্মনিবন্ধনের জন্য সরাসরি আবেদনপত্র অনলাইনে পূরণ করেই পাওয়া যাবে জন্মনিবন্ধন সনদ। এতে কমবে নাগরিকদের দুর্ভোগের মাত্রা। দিনের পর দিন আর ঘুরতে হবেনা জন্মনিবন্ধন করার সংশ্লিষ্ট দফতরে। সিন্ডিকেটের কবলে পড়ে খোয়াতে হবেনা হাজার হাজার টাকা।
বেশ কিছু শর্তের কারণে শুধু শিশুর বাবা মা-ই নন, কার্যত ক্ষেত্রে দাদা-দাদীকে তাদের নামের বানান কিংবা জন্ম তারিখের বিভ্রান্তির জন্য দিনের পর দিন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দৌড়াতে হয়েছে। জন্মনিবন্ধনের জন্য প্রধান দুটি শর্তই ছিল শিশু মা-বাবার জন্মনিবন্ধন আগে করতে হবে। আর এ জন্য তাদের বাবা-মা অর্থাৎ দাদা-দাদীর ভোটার আইডি কিংবা তাদের জন্মনিবন্ধনও করতে হয়েছে।
তবে এখন থেকে জন্মনিবন্ধনের প্রধান দুটি শর্তই বাতিল করা হয়েছে। এখন থেকে শিশুর জন্মনিবন্ধন করতে হলে বাবা-মায়ের জন্মবিনন্ধন জরুরি নয়। অর্থাৎ বাবা-মায়ের ভোটার আইডি কার্ড ব্যবহার করেই করা যাবে শিশুর জন্মনিবন্ধন। নতুন করে এই সিদ্ধান্ত নেয়ার পর স্বস্তি ফিরেছে অভিভাবকদের মধ্যে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জন্মনিবন্ধন করতে মা-বাবার জন্মসনদ বাধ্যতামূলকের নিয়মটি তুলে দিয়েছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন)। এখন থেকে মা-বাবার জন্মসনদ ছাড়াই জন্মনিবন্ধন করা যাবে। এখন থেকে হাসপাতালে জন্ম নেয়ার পর দেয়া ছাড়পত্র বা টিকার কার্ড যেকোনো একটি প্রমাণ দেখিয়ে শিশুর জন্মনিবন্ধন করা যাবে।
গতকাল সোমবার বিকেলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত দায়িত্ব) মির্জা তারিক হিকমত। তিনি বলেন, আইন অনুযায়ী সবার জন্মনিবন্ধন বাধ্যতামূলক। ২০২১ খ্রিষ্টাব্দে একটি বিষয় যুক্ত করা হয়েছিল যে, যাদের জন্ম ২০০১ খ্রিষ্টাব্দের পর তাদের বয়স ১৮ না হওয়ায় এনআইডি হয়নি। কাউকে যদি জন্মের পর একটি আইডি দিতে চাই সে ক্ষেত্রে বাবা-মায়ের জন্মনিবন্ধন অপরিহার্য। স্কুলে এখন ইউনিক আইডির বিষয়টি প্রচারণা হচ্ছে। সেটি অটোমেটিক হয়ে যেতো যদি বাবা-মায়ের জন্মনিবন্ধন থাকতো এবং সেটি যদি সন্তানের জন্মনিবন্ধনের সঙ্গে থাকে তাহলে ডিজিটালি সেই সন্তান পরিচিত হয়। এটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এ পর্যন্ত যারা সঠিকভাবে জন্মনিবন্ধন আবেদন দিয়েছে তাদের প্রায় ৩০ লাখের বেশি ইউনিক আইডি অটোমেটিক্যালি জেনারেট হয়েছে।
তিনি আরো বলেন, ১৮ বছরের নিচে যাদের বয়স তাদের জন্য বাবা-মায়ের জন্মনিবন্ধন দেয়ার বিষয়টি আবেদনে বাধ্যতামূলক থাকলেও সেটি আমরা তুলে দিয়েছি। ১৮ বছরের নিচে যারা তাদের টিকা নিতে হলে হয়তো বাবা-মাসহ তিনটি জন্মনিবন্ধন করা লাগতো। সে জন্য এটি তুলে দিয়েছি। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এভাবে নিবন্ধন কার্যক্রম চলবে।
উল্লেখ্য ২০২১ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি থেকে জন্মনিবন্ধনের নিয়মে পরিবর্তন এনে বলা হয়েছিল, ২০০১ খ্রিষ্টাব্দের পর জন্ম নেয়া ব্যক্তিদের জন্মনিবন্ধন করতে হলে তার বাবা-মায়ের জন্মনিবন্ধন সনদ অবশ্যই প্রয়োজন হবে। ওই সময় জন্মনিবন্ধন করতে গিয়ে নানা ভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিভাবকরা।
[সূত্র: দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক ইনকিলাব।]
Comments
Post a Comment